গাজায় ‘স্থায়ী শান্তি প্রতিষ্ঠার’ লক্ষ্যে গঠিত পিস অব বোর্ড বা শান্তি পর্ষদের সনদে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)-এর সম্মেলনের ফাঁকে তিনি এ সনদে সই করেন। এর মাধ্যমে শান্তি পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্বাক্ষর অনুষ্ঠানে ২০টিরও কম দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় ট্রাম্প বলেন, যুদ্ধোত্তর গাজা পুনর্গঠন এবং বৈশ্বিক সংঘাত নিরসনে এই শান্তি পর্ষদ জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে তিনি আশা করেন।
তবে ট্রাম্পের এই উদ্যোগ ঘিরে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। অনেক বিশ্লেষকের মতে, জাতিসংঘের বৈশ্বিক প্রভাব খর্ব করতেই ট্রাম্প এ ধরনের একটি নতুন পর্ষদ গঠন করেছেন। সমালোচকদের দাবি, পিস অব বোর্ডের স্থায়ী চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকায় এর নিয়ন্ত্রণ মূলত তাঁর হাতেই থাকবে। পাশাপাশি, এই পর্ষদের স্থায়ী সদস্য দেশগুলোর জন্য ১০০ কোটি ডলার করে অর্থায়নের শর্ত থাকায় বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে।
এদিকে, বিশ্ববাসীর প্রতি এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তাঁর উদ্যোগে সৌদি আরব, পাকিস্তানসহ আরও সাতটি দেশ ইতোমধ্যে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।



