tanaka
প্রচ্ছদজাতীয়ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি

ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি

প্রশাসনের আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সম্মতির পরিপ্রেক্ষিতে এ রদবদল করা হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

জারি করা আদেশ অনুযায়ী—বরগুনার পাথরঘাটা উপজেলার ইউএনও ইসরাত জাহানকে ভোলার চরফ্যাশনে, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দায়, পিরোজপুরের ভাণ্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে এবং হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে-কে চুয়াডাঙ্গার জীবননগরে ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বগুড়ার ধুনটের ইউএনও প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবলে, ফরিদপুরের নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীনকে নেত্রকোনার কলমাকান্দায়, নেত্রকোনার কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এবং ভোলার চরফ্যাশনের ইউএনও মো. লোকমান হোসেনকে বরগুনার পাথরঘাটার ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। পাশাপাশি বদলি হওয়া কর্মকর্তাদের আজকের মধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই তারিখের অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।