ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রেক্ষাপটে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বয়কটের আহ্বান উঠেছে জার্মানিতে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সংসদ-সদস্যরা দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) আহ্বান জানিয়েছেন। এ অবস্থানে জার্মান সরকারেরও নীতিগত সমর্থন রয়েছে।
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই হুমকি বাস্তবায়িত হলে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে জার্মানি।
যদিও ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—তবে অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। শেষ পর্যন্ত যদি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হয়, তবে ইউরোপের আরও কয়েকটি দেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আপাতত নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জার্মানি। বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিএফবি। তবে বয়কটের পক্ষে জনমত গঠনে ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন রাজনীতিবিদরা।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ মানুষ ২০২৬ বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দিয়েছেন। বিপরীতে, বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে রয়েছেন ৩৫ শতাংশ মানুষ।



