tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকখামেনির ওপর হামলা ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ শামিল হবে, ইরানের হুঁশিয়ারি

খামেনির ওপর হামলা ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ শামিল হবে, ইরানের হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা হলে তা ইরানের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার শামিল’ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সর্বোচ্চ নেতার ওপর যেকোনো হামলা সরাসরি ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধের সমতুল্য।

একই সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, গত দুই সপ্তাহে দেশজুড়ে ছড়িয়ে পড়া রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা ও নিষেধাজ্ঞার বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক সংকট ও দুরবস্থা দেখা দিয়েছে, তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের আরোপিত অমানবিক নিষেধাজ্ঞা।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়ে বলেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে’।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। এর জবাবে ট্রাম্প একই মন্তব্য পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প আরও বলেন, দমন-পীড়ন ও সহিংসতার ওপর ভর করেই ইরানের শাসকগোষ্ঠী টিকে আছে। তার ভাষায়, খামেনি দেশের নেতৃত্ব দেওয়ার বদলে ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করছেন এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে মূল্যস্ফীতি, মুদ্রার দরপতন ও তীব্র অর্থনৈতিক সংকটের জেরে ইরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ইন্টারনেট ও ফোন যোগাযোগ বন্ধ করে দেয়। নেটব্লকসের তথ্য অনুযায়ী, রোববার কিছু অনলাইন সেবায় আংশিকভাবে প্রবেশাধিকার ফিরেছে।

এদিকে, দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।