ইজিবাইককে চাপা দিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় মাদারীপুরে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ইজিবাইকের যাত্রী। বাকি দুজনের একজন বাসের হেলপার এবং অন্যজন বাসযাত্রী।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে সার্বিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয় বাসটি। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী, বাসের হেলপার এবং এক বাসযাত্রী নিহত হন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এ সময় কিছুক্ষণ ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।



