জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (আজ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, শিগগিরই প্রকল্প এলাকা পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। একই সঙ্গে প্রকল্পের চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ ছাড়া প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল নিয়েও আলোচনা করা হয়।
চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় তাঁর সরকারের অব্যাহত সমর্থনের কথা জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য শুভকামনা প্রকাশ করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



