tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি‘মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

‘মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, যোগ্যতা ও অতীত অবদানের ভিত্তিতে তাদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আসন্ন নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের পৃথক বৈঠকে এসব বিষয় উঠে আসে বলে বৈঠক সূত্রে জানা গেছে। উভয় বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৈঠকে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেল জানায়, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে অংশ নেন ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের ফিরোজ মুহাম্মদ লিটনসহ অন্যান্য নেতারা।

এরপর জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে উপস্থিত ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস ও এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

বৈঠকে জোট নেতারা অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, আসন্ন নির্বাচনে জোট থেকে কয়েকজন মনোনয়ন পেয়েছেন; যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তারা মনোক্ষুণ্ন নন। বিএনপি সরকার গঠন করলে তাদের অবদান ও যোগ্যতা অনুযায়ী মূল্যায়নের প্রত্যাশা জানান তারা।

জবাবে তারেক রহমান বলেন, অতীতের মতো আসন্ন নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপি সরকার গঠন করলে যোগ্যতা ও অবদানের ভিত্তিতে সবাইকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এসএম শাহাদাত জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জোট নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

১২ দলীয় জোটের শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। তিনি জানান, কৃষকদের জন্য ডিজিটাল ডাটাবেইজ তৈরি, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা, মামলার দীর্ঘসূত্রিতা কমানো, ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে বিএনপি ইতোমধ্যে কাজ করছে বলে তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন।