tanaka
প্রচ্ছদখেলা‘না’ কে ‘হ্যাঁ’ করাতে ব্যর্থ আইসিসি, অবস্থানে অনড় বিসিবি

‘না’ কে ‘হ্যাঁ’ করাতে ব্যর্থ আইসিসি, অবস্থানে অনড় বিসিবি

ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেটেও। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট জটিল পরিস্থিতির রেশ ধরে দুই দেশের সম্পর্কের তিক্ততা এখন মাঠের বাইরের ক্রিকেট ইস্যুতেও দৃশ্যমান। এরই ধারাবাহিকতায় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক অনুরোধ সত্ত্বেও তাদের অবস্থান থেকে একচুলও সরেনি বিসিবি।

মঙ্গলবার দুপুরে আইসিসির সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সেও সংকট নিরসনের কোনো সমাধান আসেনি। বৈঠকে বিসিবি পুনরায় দাবি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের জন্য।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে আইসিসিকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের জন্য।’

অন্যদিকে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তবে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।

বিসিবির বিবৃতিতে আরও বলা হয়, ‘খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। বিষয়টির গ্রহণযোগ্য সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চলবে।’

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং অস্বস্তির কারণও ব্যাখ্যা করেছে। সম্মানজনক সমাধান হলে ভবিষ্যতে খেলার বিষয়ে ইতিবাচক চিন্তা করা যেতে পারে। তিনি উদাহরণ টেনে বলেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের নজির রয়েছে।

আরেক সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের মতে, কূটনৈতিকভাবে উত্তেজনা বাড়ানো কারও জন্যই লাভজনক নয়। সমঝোতার মাধ্যমে ভারসাম্য রক্ষা করাই কূটনীতির মূল চর্চা।

ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া বিসিবির এক পরিচালক জানান, আলোচনা ইতিবাচক পরিবেশেই হয়েছে। আইসিসি ভারতে খেলার পক্ষে যুক্তি দিয়েছে, আর বিসিবি তাদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি তুলে ধরেছে। আলোচনা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

এই সংকটের সূত্রপাত হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে ছাঁটাই করলে দুই দেশের ক্রিকেট সম্পর্কের অবনতি ঘটে। এর প্রতিবাদে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধে প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়।

সবশেষ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা কমিটি মোস্তাফিজকে ছাড়াই ভারতে গিয়ে খেলার শর্তসহ তিনটি প্রস্তাব দিয়েছে, যা বিসিবির কাছে গ্রহণযোগ্য নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২৬ দিন বাকি। অল্প সময়ের মধ্যে এই জটিলতার কীভাবে সমাধান হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।