সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম. খায়রুল ইসলাম শোকবার্তাটি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



