চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাটের সিকদার পাড়া এলাকায় পুলিশের তদন্ত কেন্দ্রের কাছে যুবদল নেতা মুহাম্মদ জানে আলমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটেছে সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে।
নিহত জানে আলম (৪৮) পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং রাউজান উপজেলা যুবদলের সদস্য ছিলেন। তিনি সিকদার বাড়ি এলাকার মৃত হামদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, তিন যুবক মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে, মুখোশ পরে সরাসরি জানে আলমের দিকে গুলি চালায়। গুলি ছোঁড়ার কয়েক সেকেন্ডের মধ্যে তারা দ্রুত মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় জানে আলম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ বলেন, “জানে আলম আমাদেরই বাড়ির মানুষ। বাজার থেকে ফেরার পথে তাকে খুব কাছে থেকে হত্যা করা হয়েছে। কেন এমন ঘটল আমরা জানি না।”
পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ জানিয়েছেন, “আমরা ঘটনাস্থলে কাজ করছি। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।”



