জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে দলটির প্রায় তিন শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এক আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিপ্লব ত্রিপুরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর জোট গঠন আমরা মেনে নিতে পারিনি। আদর্শগত কারণেই আমরা এনসিপি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছি। প্রয়াত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে বিএনপিতে যোগদান করেছি।
নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন—এটি আমাদের জন্য আনন্দের। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



