কুখ্যাত ব্রুকলিন কারাগারে রাখা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তাকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) স্থানান্তর করা হয়েছে। উচ্চ নিরাপত্তার এই কারাগারটি এর আগেও ঘিসলেইন ম্যাক্সওয়েল ও পি ডিডির মতো হাই-প্রোফাইল বন্দিদের রাখার কারণে আলোচনায় আসে।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ভোরে মাদুরোকে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে তাকে প্রথমে নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ)-এর কার্যালয়ে হাজির করা হয়। পরে সেখান থেকেই তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি বরাবরই কোনো ধরনের মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।
আদালত সূত্র জানায়, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। যদিও তাদের আদালতে তোলার নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলার শুনানি শুরু হওয়ার আগ পর্যন্ত মাদুরোকে এমডিসিতেই রাখা হবে। তবে তার স্ত্রীর বর্তমান অবস্থান বা তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত এই মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি হাই-প্রোফাইল বন্দিদের কারণে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে। একই সঙ্গে কারাগারটি বন্দিদের জন্য অত্যন্ত ‘ভয়ঙ্কর’ হিসেবে কুখ্যাত। নোংরা পরিবেশ, চরম সহিংসতা এবং কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। এমনকি এক বন্দিকে একাধিকবার ছুরিকাঘাতের পর যথাযথ চিকিৎসা না দিয়ে ২৫ দিন নির্জন সেলে আটকে রাখার মতো গুরুতর ও অমানবিক অভিযোগও উঠেছে এই কারাগারকে ঘিরে।



