তাইওয়ানের চারপাশে বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে চীন। এ মহড়ায় একযোগে অংশ নিচ্ছে চীনের বিমানবাহিনী, নৌবাহিনী, স্থলবাহিনী ও রকেট বাহিনী। চীনা সেনাবাহিনীর দাবি, তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তি এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে এটি একটি কড়া সতর্কবার্তা।
চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, ‘জাস্ট মিশন ২০২৫’ নামে পরিচালিত এই মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের চারদিকে পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা এসব এলাকায় সমুদ্র ও আকাশপথে চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। একই সঙ্গে গোলাবারুদ ব্যবহার করে মহড়া চালানো হবে। চীনা সেনাবাহিনীর মুখপাত্র শি ই বলেন, এই মহড়ার উদ্দেশ্য হলো সমুদ্র ও আকাশে যুদ্ধের প্রস্তুতি যাচাই, গুরুত্বপূর্ণ বন্দর ও অঞ্চল অবরোধের অনুশীলন এবং সমন্বিত হামলার সক্ষমতা বাড়ানো।
চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমেও দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় বেইজিং অসন্তোষ প্রকাশ করে। পাশাপাশি, চীনের সম্ভাব্য আগ্রাসনের ক্ষেত্রে জাপানের ভূমিকা নিয়ে দেশটির প্রধানমন্ত্রীর মন্তব্যে উত্তেজনা আরও বেড়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মহড়ায় যুদ্ধবিমান, বোমারু বিমান, ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। বিশেষভাবে তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দর—উত্তরের কিলুং ও দক্ষিণের কাওশিয়ুং—ঘিরে অনুশীলন চালানো হবে।
এদিকে, তাইওয়ান সরকার এই মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, চীনের এ ধরনের সামরিক উসকানি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। একই সঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা



