নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণে তার আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর মাধ্যমে হাইকোর্টের পূর্ববর্তী আদেশ স্থগিত করা হয়।
আদালতে ইসলামী ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার জ্যেতির্ময় বড়ুয়া এবং অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহিরুল ইসলাম সুমন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জল হোসেন।
এর আগে, ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করেন মাহমুদুর রহমান মান্না। আপিল বিভাগের চেম্বার জজ আদালত আবেদনটির শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছিলেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জল হোসেন জাগো নিউজকে জানান, সোমবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং শুনানিতে আদালত গ্রাহক সংক্রান্ত অগ্রগতি জানাতে ব্যাংককে নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়ার বড়গোলা শাখা ‘কলব্যাক নোটিশ’ জারি করে। মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়।



