tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিআয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে রিটার্ন জমা দেওয়ার নতুন শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি ২০২৬। আগে নিয়ম অনুযায়ী শেষ সময় ছিল ৩০ নভেম্বর, যা ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এক দফা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমোদনে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের জন্য ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ৩০ নভেম্বর ২০২৫-এর পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হলো।

এনবিআর সূত্র জানায়, চলতি কর বছরে ইতোমধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। গত ৪ আগস্ট ২০২৫ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চলতি বছর বিশেষ আদেশে ৬৫ বছরের বেশি প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক—এই শ্রেণিগুলো ছাড়া সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যারা এই বাধ্যবাধকতার বাইরে, তারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।