tanaka
প্রচ্ছদরাজনীতিভিপি নুর, মান্না ও সাকীসহ আরও ৮ জনকে বিএনপি জোটের মনোনয়ন

ভিপি নুর, মান্না ও সাকীসহ আরও ৮ জনকে বিএনপি জোটের মনোনয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছাড় দেওয়ার একদিন পর জোটভুক্ত শরিকদের মধ্যে আরও আটটি আসন বণ্টন করেছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব আসনে শরিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ঢাকা-১২, জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার পিরোজপুর-১ এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২ আসনে লড়বেন।

এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী ব্রাহ্মণবাড়িয়া-৬, ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ যশোর-৫ এবং ঢাকা-১৭ আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২—এই চারটি আসন দেওয়া হয়। ৩০০ আসনের মধ্যে বিএনপি ইতোমধ্যে ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। শরিকদের আজ দেওয়া হলো আরও ৮টি আসন। এখনো বাকি রয়েছে ১৬টি আসন।