বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জনদুর্ভোগ সৃষ্টি করে। সে কারণে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছেন। দলীয়ভাবে সেই নির্দেশনা পালনের চেষ্টা করা হলেও শতভাগ বাস্তবায়ন সম্ভব হয়নি বলে তিনি স্বীকার করেন।
তিনি আরও জানান, দেশে ফিরে তারেক রহমান সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান এবং পরে পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করবেন। এ কারণেই তার বাংলাদেশে আগমনের সময়সূচি তিন দিনের সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনে। সেখানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করবেন। অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।



