নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। এ সময় তিনি কুমিল্লা-৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এ ছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন। ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ এবং ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে বিএনপির প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তিন নেতার বিএনপিতে যোগদানের বিষয়টি জানান।
এর আগে, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। একইভাবে যুগপৎ আন্দোলনের শরিক এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাও বিএনপিতে যোগ দেন।



