শাকিবের রাজত্বে উজ্জ্বল জাহিদ হাসান, সুবাস ছড়ালেন সাবিলা-তুষি
দেখতে দেখতে শেষের পথে আরেকটি বছর। বিদায়ী ২০২৫ সালে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। কখনো সাফল্যের উচ্ছ্বাস, কখনো আবার বেদনার বিদায়ে ভারী হয়েছে সিনেমার অঙ্গন। বছরজুড়ে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি চলচ্চিত্র দর্শক ও সমালোচকদের আলোচনার কেন্দ্রে ছিল। কেউ উপহার দিয়েছেন ব্যবসাসফল ও প্রশংসিত কাজ, আবার কেউ নীরবে সরে গেছেন পর্দার আড়ালে। সব মিলিয়ে সিনেমাপ্রেমীদের জন্য এটি ছিল স্মরণীয় এক বছর।
পুরো বছরজুড়ে ঢালিউড মাতিয়ে রেখেছেন একঝাঁক তারকা। আগের মতোই ২০২৫ সালেও সবচেয়ে হিট নায়ক হিসেবে শাকিব খানের রাজত্ব ছিল অটুট। তবে সেই রাজত্বে সমানভাবে উজ্জ্বল ছিলেন নন্দিত অভিনেতা জাহিদ হাসানসহ আরও কয়েকজন শিল্পী। নতুন মুখ হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে সাবিলা নূরের। শাকিব খানের নায়িকা হয়ে ‘লিচুর বাগান’ গানে তিনি ছড়িয়েছেন সুবাস। বছরের শেষদিকে ‘রইদ’ সিনেমার ট্রেলারে অল্প উপস্থিতিতেই দর্শকের নজর কেড়েছেন লাক্স তারকা নাজিফা তুষি। চলুন দেখে নেওয়া যাক, চলচ্চিত্রে প্রভাব ফেলা ২০২৫ সালের আলোচিত তারকাদের কথা—
শাকিব খান
গত কয়েক বছরের মতো চলতি বছরেও আলোচনার শীর্ষে ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ব্যক্তিগত আলোচনাকে ছাপিয়ে এ বছর তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়—‘বরবাদ’ ও ‘তাণ্ডব’। তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ইধিকা পাল। খলনায়কের চরিত্রে ছিলেন যীশু সেনগুপ্ত। মুক্তির পর চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় এবং প্রায় ৯০ কোটি টাকার গ্রস কালেকশন করে বাংলাদেশের সিনেমা ইতিহাসে নতুন রেকর্ড গড়ে।
একই বছরে মুক্তি পায় রায়হান রাফী ও শাকিব খান জুটির দ্বিতীয় সিনেমা ‘তাণ্ডব’। এতে মিখাইল চরিত্রে দেখা যায় শাকিব খানকে। বিশেষ ক্যামিও চরিত্রে ছিলেন সিয়াম আহমেদ ও আফরান নিশু। বক্স অফিসে দারুণ ব্যবসা করে সিনেমাটি এবং এর মাধ্যমেই যাত্রা শুরু করে ‘রায়হান রাফী ফিল্ম ইউনিভার্স’। ‘তাণ্ডব’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৬ সালে।
বছরের শেষদিকে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েও আলোচনায় আসেন শাকিব খান। বর্তমানে তিনি ‘সোলজার’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত, যা আগামী বছর মুক্তি পাবে। এছাড়াও ‘প্রিন্স’সহ আরও কয়েকটি সিনেমা রয়েছে তার মুক্তির তালিকায়। সব মিলিয়ে পুরো বছরজুড়েই ছিলেন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জাহিদ হাসান
শাকিব খানের পর চলতি বছরে চলচ্চিত্রে সবচেয়ে উজ্জ্বল যে নামটি, তিনি জাহিদ হাসান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। অনেকদিন পর নতুন করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালে ‘উৎসব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও নিজের অভিনয়শক্তির জানান দেন। সিনেমাটি দেশ-বিদেশে দারুণ ব্যবসাসফল হয়। পাশাপাশি ‘আমলনামা’ নামের একটি ওয়েব ফিল্মেও দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হন জাহিদ হাসান।
জয়া আহসান
বাংলাদেশি অভিনয়শিল্পীদের মধ্যে যিনি এক দশকের বেশি সময় ধরে ভারতীয় বাংলা সিনেমায় সক্রিয়, তিনি জয়া আহসান। ২০২৫ সালেও ছিল তার জন্য রঙিন ও সাফল্যময়। কলকাতা ও ঢাকা—দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে নিজের অবস্থান দৃঢ় করেছেন তিনি। ‘উৎসব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও নিজের মেধার স্বাক্ষর রাখেন। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমাতেও বাজিমাত করেন এই অভিনেত্রী। ভারতীয় বাংলা সিনেমায় ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হওয়ার পাশাপাশি তার ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটিও বিদেশের মাটিতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এ বছর।



