tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআদালতইলিয়াস আলীর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য

ইলিয়াস আলীর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য

আজ থেকে ১৩ বছর আগে রাজধানী ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। সে সময় তার ভাগ্যে কী ঘটেছিল—এ বিষয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি; বরং ঘটনাটিকে ‘নাটক’ বলেও বিদ্রূপ করা হয়েছিল। তবে সাম্প্রতিক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিলেটের জনপ্রিয় এই নেতাকে গুম করার পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সর্বশেষ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের এপ্রিলে রাজধানীর বনানীতে নিজ বাসার কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

গত বছরের (২০২৪) ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্ত শুরু হয়। এসব গুম-খুনের অন্যতম ‘কুশীলব’ হিসেবে র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের নাম উঠে আসে। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি সেনাবাহিনীর চাকরি হারান এবং পরবর্তীতে গ্রেফতার হন।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অনুসন্ধানে ইলিয়াস আলীসহ বিভিন্ন ব্যক্তিকে গুম করার ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, “ইলিয়াস আলীকে তুলে নেওয়া, রাস্তা থেকে গুম করা এবং পরবর্তী সময়ে তাকে হত্যা করা হয়েছে—এমন তথ্য তদন্তে উঠে এসেছে।”