পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সারাদেশে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, বড়দিন একটি সর্বজনীন উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে ‘২৫ ডিসেম্বর বড়দিন’ ও ‘৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিদ্যমান সক্ষমতা কাজে লাগিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হবে।
পুলিশপ্রধান জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার ও কুয়াকাটাসহ দেশের সব পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরবাইক চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বড়দিনকে কেন্দ্র করে পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে।
সভায় দেশের বিভিন্ন স্থানে গির্জার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদের উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
এ ছাড়া জরুরি প্রয়োজনে ‘জাতীয় জরুরি সেবা–৯৯৯’ এবং সংশ্লিষ্ট বিট পুলিশ কর্মকর্তার সহযোগিতা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
সভায় র্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজি) একেএম শহিদুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেন্ট মেরিজ ক্যাথিড্রাল চার্চের পালপুরোহিত ফাদার আলবার্ট রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা, জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক অপু প্লাসিড মধু, দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট মাইকেল জন গোমেজ ও সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় দেশের সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।



