tanaka
প্রচ্ছদরাজনীতিদুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতার আহ্বান তারেক রহমানের

দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতার আহ্বান তারেক রহমানের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দুষ্কৃতকারীকে শনাক্ত ও আটক করতে সরকারকে সহযোগিতা করুন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “শরিফ ওসমান হাদি পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন—এই নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা জানাই।”
তিনি ঘটনাটির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ছাত্রদলসহ দলের সব স্তরের নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানাই, যাতে দুষ্কৃতকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়।

কর্মশালায় অংশ নিয়ে তিনি দেশ গঠনে পরিকল্পিত ও সমন্বিত রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে দুঃখজনক উল্লেখ করে নেতাকর্মীদের ধৈর্য ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

এর আগে, শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।