রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রাথমিক মেয়র প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৯ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে এনসিপির মনোনয়ন পেয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। সিলেট সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে এবং রাজশাহী সিটি করপোরেশনে মনোনয়ন পেয়েছেন মোবাশ্বের আলী।
এদিকে একই সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পাঁচ দফা দাবি জানিয়েছে এনসিপি। দলের সদস্য সচিব আখতার হোসেন এসব দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—আগামী ছয় মাসের মধ্যে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ না দেওয়া, নতুন সরকার গঠনের পর নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরত রাখা, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজন এবং আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া।



