tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতি৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর

৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর

আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো পথ খোলা ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, “ব্যাংকিং খাতকে সমৃদ্ধিশালী ও গতিশীল করতে সবচেয়ে জরুরি হলো স্বচ্ছতা। বিনিয়োগকারী, আমানতকারী ও কর্মকর্তাসহ সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া অগ্রগতি সম্ভব নয়।”

আর্থিকভাবে দুর্বল পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “এই ব্যাংকগুলোকে একীভূত করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প ছিল না। সুশাসন নিশ্চিত হলে এ প্রক্রিয়া থেকে দেশের অর্থনীতিও ইতিবাচক ফল পাবে বলে আমরা প্রত্যাশা করি।”

গত ৫ নভেম্বর আর্থিক দুরবস্থার কারণে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক—এই পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করে তাদের পরিচালনায় প্রশাসক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।

পরে ৯ নভেম্বর গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন সভায় পাঁচটি ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’কে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।