আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
রোববার (১০ মে) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১২ মে) থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
বুধবার (১৩ মে) দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় দেশের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



