tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশ৩ দিনে ৩৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

৩ দিনে ৩৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) আবারও নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের অপহরণ করেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার একটি ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে যায় সংগঠনটি।

ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী, গত তিন দিনে মোট ৩৩ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। চলতি আগস্ট মাসের ২০ দিনে সংগঠনটি ৪০ জেলে ও ছয়টি ট্রলার-নৌকা ধরে নিয়ে গেছে। তবে এ পর্যন্ত কাউকেই ফেরত আনা সম্ভব হয়নি। এতে স্থানীয় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, অপহৃত ট্রলারটির মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার আবদুল মোনাফের ছেলে উমর ছিদ্দিক। ট্রলারটিতে মোট ৭ মাঝিমাল্লা ছিলেন।

অপহরণের আগে ট্রলারের মাঝি এবাদুল্লাহ মোবাইল ফোনে জানিয়েছিলেন, সাগর থেকে ফেরার পথে আরাকান আর্মির স্পিডবোট তাদের ধাওয়া করে আটক করে। পরে ট্রলার ও জেলেদের মিয়ানমারের ফাতংজা খালের দিকে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে কোস্টগার্ড ও বিজিবির স্থানীয় কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থান থেকে মোট ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিজিবির প্রচেষ্টায় এর মধ্যে ১৮৯ জেলে ও ২৭টি ট্রলার ফেরত আনা সম্ভব হয়েছে।