যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামাতে তিনি ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তার বক্তব্য অনুযায়ী, এটি এখন পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে ট্রাম্পের ঘোষিত সর্বোচ্চ শুল্কের হুমকি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রয়টার্স জানায়, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক সম্মেলনে এক বক্তৃতায় ট্রাম্প বলেন, “আপনি যদি ভারত ও পাকিস্তানের দিকে তাকান, তারা তখন মুখোমুখি অবস্থায় ছিল। সাতটি বিমান গুলি করে নামানো হয়েছিল, পরিস্থিতি ছিল ভয়াবহ।”
ট্রাম্পের দাবি, মে মাসে সীমান্তে উত্তেজনা বাড়লে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের নেতাদের ফোন করে সতর্ক করেন। তাদের উদ্দেশে বলেন, “যদি যুদ্ধ চালিয়ে যাও, যুক্তরাষ্ট্র তোমাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেবে এবং ২৫০ শতাংশ শুল্ক বসাবে।”
ট্রাম্প আরও বলেন, “আমি বলেছিলাম, আমি তোমাদের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপ করব—মানে, তোমরা আর ব্যবসা করতে পারবে না।”
তার এই বক্তব্যে উপস্থিত শ্রোতারা করতালি দিয়ে সাড়া দেন।
এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন। তবে ভারত সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জুন মাসে মোদির সঙ্গে ট্রাম্পের ফোনালাপে বাণিজ্য বা মধ্যস্থতা সংক্রান্ত কোনো আলোচনা হয়নি। নয়াদিল্লির মতে, যুদ্ধবিরতি এসেছিল পাকিস্তানের অনুরোধে।
অন্যদিকে, ইসলামাবাদ জানিয়েছে, যুদ্ধ থামাতে ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানানো হয় এবং তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।



