tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদসারাদেশকরোনার টিকা নয়, পরিবেশ দূষণেই বাড়ছে অ্যালার্জির প্রকোপ

করোনার টিকা নয়, পরিবেশ দূষণেই বাড়ছে অ্যালার্জির প্রকোপ

‘ছয় মাস ধরে অ্যালার্জিতে ভুগছি। কয়েকবার ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছি, কিন্তু তেমন উন্নতি হচ্ছে না। আমার ধারণা— করোনার টিকা নেওয়ার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে,’ এমন অভিযোগ জানালেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইমন।

ইমন জানান, তিনি ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ফাইজারের তিন ডোজ টিকা নিয়েছিলেন। এরপর থেকেই তার অ্যালার্জির উপসর্গ দেখা দেয়। শুধু তিনি নন— তার মা, বাবা ও স্ত্রীও একই সমস্যায় ভুগছেন বলে দাবি করেন তিনি। ‘এ পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা খরচ করেছি, কিন্তু পুরোপুরি সুস্থ হইনি,’ বলেন ইমন।

ইমনের মতো আরও কয়েকজন অ্যালার্জি আক্রান্ত ব্যক্তি জাগো নিউজকে জানান, টিকা নেওয়ার পর থেকেই তাদের শরীরে চুলকানি ও র‍্যাশের মতো উপসর্গ দেখা দেয়।

তবে চিকিৎসকরা বলছেন, এই ধারণা সঠিক নয়। নারায়ণগঞ্জ সিভিল সার্জনসহ চর্ম ও মেডিসিন বিশেষজ্ঞদের মতে, করোনার টিকা ও অ্যালার্জির মধ্যে কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। তাদের ভাষ্য, “অ্যালার্জি ও স্ক্যাবিস আগে থেকেই ছিল— বর্তমানে পরিবেশ দূষণ, বায়ুর মানের অবনতি, অপরিচ্ছন্নতা ও তাপমাত্রার পরিবর্তনের কারণে এ ধরনের রোগ বেড়েছে।”

এদিকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওষুধের দোকান থেকে জানা গেছে, গত কয়েক মাসে অ্যালার্জির ওষুধের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দোকানিদের অনেকে জানান, চাহিদা বেশি থাকায় অনেক সময় প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা কঠিন হয়ে পড়ছে।

মিজমিজি এলাকার ব্যবসায়ী শীপন আহমেদ ও তার পরিবারের পাঁচ সদস্যও একসময় অ্যালার্জিতে আক্রান্ত ছিলেন। তিনি বলেন, ‘আমি আর আমার স্ত্রী ফাইজারের টিকা নিয়েছিলাম। পরে পরিবারের অন্যদের মধ্যেও অ্যালার্জির উপসর্গ দেখা দেয়। তবে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খাওয়ার পর আমরা এখন পুরোপুরি সুস্থ।’

অন্যদিকে, সাথী নামের এক তরুণী জানান, তার মা সাত মাস ধরে অ্যালার্জিতে ভুগছেন। চিকিৎসায় ইতিমধ্যে ৭-৮ হাজার টাকা খরচ হয়েছে। তিনি মনে করেন, টিকা নেওয়ার পর থেকেই এ সমস্যা শুরু হয়েছে, যদিও চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেননি।

বিশেষজ্ঞদের পরামর্শ, অ্যালার্জির লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। টিকা নয়, পরিবেশ দূষণ, ধুলাবালি, ফাঙ্গাস, বা খাদ্য ও প্রসাধনীজাত অ্যালার্জেনই এসব রোগের মূল কারণ হতে পারে।