tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিজুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের রোডম্যাপ ঘোষণা করে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। দেশের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচন প্রয়োজন হলেও তার আগে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।

বুধবার বিকেল ৫টায় রংপুর পর্যটন মোটেলে রংপুর বিভাগের আট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে, আর পতিত স্বৈরাচার শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। এ অবস্থায় জাতীয় ঐক্য অপরিহার্য। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সমস্যা সমাধান করে ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের দাবি। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি মনে করে এককভাবে নেতৃত্ব দিয়ে সরকার গঠন সম্ভব, তা হবে আত্মপ্রবঞ্চনা। দেশের সব পক্ষের মধ্যে ন্যূনতম ঐক্য না থাকলে কোনো সরকার বা সংসদ টিকিয়ে রাখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা, সংস্কার ও বিচারের দাবি উপেক্ষা করে নির্বাচনে গেলে তা টেকসই হবে না। টেকসই পরিবর্তনের জন্য কিছু মৌলিক সংস্কার এবং প্রয়োজনে সংবিধানের অল্প কিছু অংশ সংশোধন করে এগিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকে এ প্রক্রিয়ায় বাধা বা গড়িমসি করা হলে জনগণই তার জবাব দেবে।

জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা স্পষ্ট। আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপ দেশ থেকে বিতাড়িত হয়েছে, আর ১৬ বছর ধরে অনেকেই জনগণের পাশে দাঁড়াতে পারেননি। বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের অতীত কর্মকাণ্ড নিয়েও জনগণের ক্ষোভ রয়েছে। তাই নতুন কোনো জোট গঠনের আগে নীতিগত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যারা জুলাই সনদ, বিচার ও সংস্কারের প্রশ্নে এনসিপির নীতির কাছাকাছি অবস্থানে থাকবে, তাদের সঙ্গেই আলোচনা করা হবে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ঐক্যমত কমিশনের দ্বিতীয় প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য, তবে প্রথম প্রস্তাবটি সংশোধন সাপেক্ষে সমর্থনযোগ্য। এনসিপি চায়, জুলাই সনদের আদেশ প্রকাশ করা হোক এবং কে এ আদেশ জারি করবে—সে বিষয়ে স্পষ্টতা আসুক। কমিশনের সুপারিশ অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারই এ আদেশ জারি করবে এবং গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদকে ২০২৬ সালের সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়া হবে।

ঐক্যমত কমিশনের আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, বিএনপি প্রাথমিকভাবে বড় সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যা সংস্কার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছিল। তবে জনগণের চাপ ও অন্য দলগুলোর ঐকমত্যের কারণে শেষ পর্যন্ত তারা অবস্থান পরিবর্তন করেছে।

তিনি জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনাসহ স্থানীয় নেতৃবৃন্দ।