সারা দেশ হাড় কাঁপানো শীতে কাঁপছে। দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশাও দাপট দেখাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। বুধবারের তুলনায় শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমেছে, তাপমাত্রাও সামান্য বেড়েছে। রাজধানীর তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শৈত্যপ্রবাহ চলতে থাকতে পারে আরও কয়েক দিন। চলতি মাসের মধ্যভাগ পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে, তবে বিস্তৃতি এলাকায় ভিন্ন হতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ রয়েছে। এছাড়া গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও শৈত্যপ্রবাহ বইছে। সব মিলিয়ে ২৪ জেলায় শীতের তীব্রতা ছড়িয়ে পড়েছে। বুধবার দেশে শৈত্যপ্রবাহ ছিল ৪৪ জেলায়। এর মধ্যে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন—
- ৮.১–১০ ডিগ্রি: মৃদু শৈত্যপ্রবাহ
- ৬.১–৮ ডিগ্রি: মাঝারি শৈত্যপ্রবাহ
- ৪.১–৬ ডিগ্রি: তীব্র শৈত্যপ্রবাহ
- ৪ ডিগ্রির নিচে: অতি তীব্র শৈত্যপ্রবাহ
শাহীনুল ইসলাম জানান, শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন চলতে পারে। নতুন জেলা যুক্ত হতে পারে, কিছু জেলা বাদও পড়তে পারে। তবে শীতের এই তীব্রতা দ্রুত কমছে না এবং এক সপ্তাহের বেশি সময় ধরে থাকতে পারে।



