tanaka
প্রচ্ছদজাতীয়বর্তমান প্রশাসনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

বর্তমান প্রশাসনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি বলেছেন, কোথাও কোনো ধরনের বিচ্যুতি দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তফসিল ঘোষণার আগে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমি এখনো আশাবাদী—সুষ্ঠু নির্বাচন করা যাবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “অভিজ্ঞতা কেউ জন্মগতভাবে নিয়ে আসে না, অভিজ্ঞতা তৈরি হয় কাজের মধ্য দিয়ে। পরিস্থিতির মুখোমুখি হলে অভিজ্ঞতা অর্জিত হয়। তারা যদি সঠিক পথে চলেন এবং মনোভাব ঠিক থাকে, তাহলে তারা সফল হবেন—শতভাগ সফল হবেন, ইনশাআল্লাহ।”

মাঠ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যদি কোনো ধরনের বিচ্যুতি লক্ষ্য করি, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঢালাওভাবে কিছু করার প্রশ্ন নেই। সাধারণভাবে আমরা মনে করছি মাঠ প্রশাসন প্রস্তুত ও যোগ্য। তবে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে তা বিবেচনা করা হবে।”