ওমরাহ যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ১ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। রোববার (২ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। বর্তমানে ওমরাহ খাতে নিবন্ধিত প্রায় ৫ হাজার ৮০০টি এজেন্সির মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, নিয়মিত মূল্যায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। এতে সেবার গুণগত মান ও পরিচালন দক্ষতায় গুরুতর ঘাটতি ও অনিয়ম ধরা পড়ে। এসব ত্রুটি সংশোধনের জন্য এজেন্সিগুলোকে ১০ দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, স্থগিতাদেশ আপাতত শুধুমাত্র নতুন ওমরাহ ভিসা ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ এবং সেবার মান উন্নত করতে পারলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর চুক্তি পুনর্বহাল করা হবে। মূলত ওমরাহ ব্যবস্থাপনাকে শৃঙ্খলার আওতায় আনতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
এদিকে, যেসব ওমরাহ যাত্রী ইতোমধ্যে বৈধ ভিসা পেয়েছেন অথবা যাদের বুকিং নিশ্চিত রয়েছে, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাদের ওমরাহ পালন ও অন্যান্য সেবা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সব সুবিধা পাওয়া যাবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসান আল-নুয়াইমি এক বিবৃতিতে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধনে ব্যর্থ এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং হাজিদের অধিকার সুরক্ষায় এই মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।



