প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। নতুন করে নিবন্ধনের মাধ্যমে এসব পরীক্ষার্থী পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
শুক্রবার (২৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে পরীক্ষার্থীদের তথ্য ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে নিজ নিজ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।
তবে এই সুযোগ চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের সেইসব পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যারা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি।
সুযোগটি যেসব বিষয়ের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য:
- সাধারণ শিক্ষা বোর্ড: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র
- মাদ্রাসা শিক্ষা বোর্ড: ইংরেজি দ্বিতীয় পত্র
- কারিগরি শিক্ষা বোর্ড: অফিস ম্যানেজমেন্ট
উল্লেখ্য, ১৩ জুলাই দেশের বিভিন্ন এলাকায় বিরূপ আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি বা কেন্দ্রে উপস্থিত হতে ব্যর্থ হন। ফলে তারা নির্ধারিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি। এসব শিক্ষার্থীর শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব এড়াতে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের এই সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড।



