আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার ইতোমধ্যে দেশের ১১৬টি সংসদীয় আসনে পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, দেশের বাকি আসনগুলোতে ব্যালট পেপার আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যেই পৌঁছে দেওয়া হবে। ইসি সচিব বলেন, “১১৬টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি ব্যালটগুলোও ৭ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়ে প্রশ্ন করেছেন। আমরা আমাদের প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেছি। আজ তাদের জানিয়েছি, ১১৬টি আসনে ব্যালট পাঠানো হয়েছে এবং বাকি ব্যালট ৭ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো হবে।”
তিনি বলেন, “তাদের মূল আগ্রহ ছিল নির্বাচনের প্রস্তুতি এবং আমরা কীভাবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি—এ বিষয়টি নিয়ে। সে বিষয়ে তারা আপনাদেরও ব্রিফ করেছেন।”
ব্যালট পেপার পাঠাতে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, “কয়েকটি আসনে ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে। শেষ মুহূর্তে কিছু প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়া এবং আদালতের নির্দেশনার কারণে কয়েক জায়গায় ব্যালট রিপ্রিন্ট বা পরিবর্তন করতে হয়েছে। এ কারণেই কিছুটা সময় লেগেছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, সাত দিন সেনাবাহিনী মাঠে থাকবে এবং আট দিন আনসার মোতায়েন থাকবে। পুলিশ ইতোমধ্যে মাঠে রয়েছে এবং সেনাবাহিনীও মোতায়েন শুরু করেছে।
ইসি সচিব আরও জানান, ১ হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়ন করা হচ্ছে। তারা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন এবং মূলত মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মোতায়েন ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হবে। এছাড়া ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটিও ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে।
তিনি বলেন, রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা বন্ধ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে, যা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে।
পোস্টাল ভোট প্রসঙ্গে ইসি সচিব জানান, দেশে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ১ লাখ ৭ হাজার ১৬৮টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। মোট পোস্টাল ব্যালটের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি। পোস্টাল ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এছাড়া কারাবন্দী ৬ হাজার ৯১ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। কারাগারে ভোট গ্রহণ শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি থেকে এবং তা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।



