রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সরকারি কর্মসূচি শেষে হেয়ার রোডের সরকারি বাসভবনে ফিরেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে তিনি সেখানে পৌঁছান।
এর আগে সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্ত্রী হিসেবে পাওয়া হেয়ার রোডের সরকারি বাসভবনে ফিরে আসেন।
রাষ্ট্রপতির বাসভবন ঘিরে শনিবার সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ভবনের প্রবেশপথে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। বিপরীত পাশের ফুটপাতেও নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশের সদস্যরা। আর বাসভবনের ফটকের ভেতরে দায়িত্ব পালন করছিলেন এসএসএফ ও পিজিআরের সদস্যরা। রাষ্ট্রপতির কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বঙ্গভবনে উঠছেন রোববার
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। শপথের পরদিন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
আগামীকাল রোববার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠার কথা রয়েছে তাঁর।
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে নির্বাচন
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী থাকায় দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়।
বর্তমান সংসদের ৩৪৯ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার পরদিনই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। রোববার বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নতুন দায়িত্বের আনুষ্ঠানিক পর্ব আরও এক ধাপ এগিয়ে যাবে।



