দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে অক্টোবর মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।
বুধবার এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করেছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
এর আগে সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। সে হিসাবে অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারিত ছিল ১ দশমিক ০৭৭০ মার্কিন ডলার। নতুন দাম অনুযায়ী, আন্তর্জাতিক রুটে প্রতি লিটারে বেড়েছে ০ দশমিক ১১১২ ডলার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে জেট এ-১-এর আন্তর্জাতিক বাজারমূল্যের প্ল্যাটস রেটের গড় এবং ওই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১-এর মূল্যহার সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ পরিচালনায় জ্বালানি ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি হবে। জেট ফুয়েলের দাম বাড়ায় এর প্রভাব বিমান পরিবহন খাতের পরিচালন ব্যয় এবং পরবর্তী সময়ে যাত্রীদের ভাড়ার ওপর পড়ে কি না, সেটিও এখন নজরে থাকবে।



