tanaka
প্রচ্ছদরাজনীতিস্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির তোড়জোড়, চার মানদণ্ডে নজর

স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির তোড়জোড়, চার মানদণ্ডে নজর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ এখনো ঘোষণা হয়নি। তবে নির্বাচনকে সামনে রেখে আগেভাগেই মাঠ গোছাতে শুরু করেছে বিএনপি। দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি এলাকায় সমর্থিত ‘একক প্রার্থী’ নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে দলটি।

প্রার্থী নির্বাচনে মূলত চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে—ক্লিন ইমেজ, জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ ও অবদান এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা। এ চার মানদণ্ডের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের জন্য দেশের বিভিন্ন মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে ‘জুম মিটিং’ করছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, শুধু বিএনপির নেতাকর্মীদের মধ্য থেকেই প্রার্থী বাছাই করতে হবে—এমন বাধ্যবাধকতাও থাকছে না। কোনো এলাকায় দলের বাইরের এমন কোনো ব্যক্তি থাকলে, যিনি সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং নির্বাচনে বিজয়ী হওয়ার মতো অবস্থানে রয়েছেন, তাকেও দল সমর্থন দিতে পারে। তৃণমূলের নেতাদের এমন বার্তাই দেওয়া হয়েছে।

চার সদস্যের বিশেষ কমিটি

স্থানীয় সরকার নির্বাচন সমন্বিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাঈল জবিউল্লাহ এবং বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা (মীরদা)। প্রয়োজনে ভবিষ্যতে কমিটির পরিধি আরও বাড়ানো হতে পারে।

সম্প্রতি গুলশানের কার্যালয়ে বসে কমিটির সদস্যরা বিভিন্ন মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান, সম্ভাব্য প্রার্থী, জনসম্পৃক্ততা ও নির্বাচনী সক্ষমতা সম্পর্কে তথ্য নেওয়া হয়। পাশাপাশি তৃণমূলের নেতাদের মতামতও শোনা হচ্ছে।

গত সেপ্টেম্বরে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নেতাদের সঙ্গে জুম মিটিং করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য বিভাগের নেতাদের সঙ্গেও এ ধরনের বৈঠক করার প্রস্তুতি চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন ও মতামতকে গুরুত্ব দেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রার্থীর সম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা এবং দলীয় নেতাকর্মীদের সমর্থন বিবেচনায় নেওয়া হবে। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

ঝুঁকি এড়াতে থাকবে বিকল্প প্রার্থী

স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি এলাকায় দলসমর্থিত প্রার্থিতা নিশ্চিত করতে বিকল্প প্রার্থী রাখার কৌশলও নিয়েছে বিএনপি। দলীয় সূত্রের দাবি, কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অযোগ্যতা বা অন্য কোনো আইনি জটিলতার আশঙ্কা থাকলে একই এলাকায় একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি থাকতে পারে।

যাচাই-বাছাই শেষে মূল প্রার্থীর মনোনয়ন বৈধ হলে বিকল্প প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। এতে শেষ মুহূর্তে কোনো এলাকায় দলসমর্থিত প্রার্থীশূন্যতা তৈরি হওয়ার ঝুঁকি কমবে বলে মনে করছে বিএনপি।

এক্ষেত্রে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের উদাহরণ সামনে আনা হয়েছে। ওই নির্বাচনে ঝুঁকি এড়াতে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের পাশাপাশি দলের আরেক সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে মাসুদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিকল্প প্রার্থী রাখা একটি স্বাভাবিক ও গঠনমূলক রাজনৈতিক কৌশল। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনো কারণে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে যাতে বিকল্প প্রার্থী দেওয়া যায়, সে জন্য কোথাও কোথাও একাধিক প্রার্থী রাখা হতে পারে। প্রতিটি এলাকায় প্রার্থিতা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

‘মনোনয়ন বোর্ড থাকবে না’

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের চার সিনিয়র নেতাকে এ বিষয়ে দায়িত্ব দিয়েছেন। তারা এরই মধ্যে রংপুর, রাজশাহী, বরিশালসহ কয়েকটি বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে দলীয়ভাবে প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

দলীয় সূত্র বলছে, জুম মিটিংয়ে দেওয়া নির্দেশনাগুলোকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে না দেখে ‘প্রাথমিক সতর্কবার্তা’ বা ‘প্রিলিমিনারি অ্যালার্ট’ হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে স্থানীয় বাস্তবতা, সাংগঠনিক অবস্থান, জনপ্রিয়তা ও বিজয়ের সম্ভাবনা বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে তালিকা তৈরির পর তা জেলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। কোনো পর্যায়ে সমস্যা বা বিরোধ দেখা দিলে তা বিভাগীয় টিম কিংবা কেন্দ্রীয় বিএনপিকে অবহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণ বিরোধ কমিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী, প্রথমে উপজেলা বিএনপি সম্ভাব্য প্রার্থীর নাম জেলা কমিটির কাছে সুপারিশ করবে। জেলা কমিটি সেই প্রার্থীর যোগ্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই করে সুপারিশ বিভাগীয় টিমের কাছে পাঠাবে। বিভাগীয় পর্যায়ে কোনো অনিয়ম বা অসংগতি ধরা পড়লে তা পুনরায় পর্যালোচনা করা হবে। জটিলতা তৈরি হলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

অর্থাৎ স্থানীয় পর্যায় থেকে বিভাগ ও কেন্দ্র পর্যন্ত ধাপে ধাপে যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এর মাধ্যমে প্রার্থী বাছাইয়ে অনিয়মের ঝুঁকি কমানোর পাশাপাশি নির্বাচনের শেষ পর্যায় পর্যন্ত দলসমর্থিত প্রার্থিতা নিশ্চিত করতে চায় দলটি।

‘ক্লিন ইমেজ ও জনপ্রিয়দের অগ্রাধিকার’

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল) আকন কুদ্দুসর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফল করতে দলকে ঐক্যবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অপেক্ষাকৃত ক্লিন ইমেজ ও জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী করার বিষয়ে স্থানীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকতে হবে এবং কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়ানো যাবে না। কেউ অন্যায় কর্মকাণ্ডে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বৈঠকে জানানো হয়েছে।

জুম মিটিংয়ে মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। তাদের জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয়ভাবে কোনো মনোনয়ন বোর্ড থাকবে না। স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাই ও দলীয় সমর্থনের বিষয়ে স্থানীয় বিএনপির নেতারাই সিদ্ধান্ত নেবেন।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়াসহ নানা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। দলসমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলা হয়েছে।

মাঠপর্যায়ে জরিপ, চূড়ান্ত সিদ্ধান্ত পরে

জুম মিটিংয়ের পর স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাইয়ে মাঠপর্যায়ে কার্যক্রমও শুরু হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আনোয়ারা, সাতকানিয়া, কর্ণফুলী, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলায় সম্ভাব্য প্রার্থী যাচাইয়ে পৃথক বিশেষ কমিটি গঠন করেছে।

এসব কমিটির দায়িত্বশীল নেতাদের স্থানীয় সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শের পাশাপাশি সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সরাসরি মতামত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে গোপনীয় প্রতিবেদন জেলা কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। পরে এসব তথ্য পর্যালোচনা করে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জুম মিটিংয়ের মাধ্যমে জেলা ও উপজেলা নেতাদের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলের ত্যাগী, যোগ্য ও বিজয়ী হওয়ার মতো ব্যক্তিকেই অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

তিনি বলেন, কোনো ব্যক্তির দলের জন্য ত্যাগ তুলনামূলক কম হলেও যদি এলাকায় তার সামাজিক গ্রহণযোগ্যতা বেশি এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা শক্তিশালী হয়, তাকেও বিবেচনায় নেওয়া হতে পারে। মূল বিষয় হলো—যিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং ভোটে বিজয়ী হয়ে আসার সক্ষমতা রাখেন, তাকে দল সমর্থন দিতে পারে।

সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণার আগেই প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ এগিয়ে নিচ্ছে বিএনপি। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের পরিবর্তে তৃণমূলের মতামত, স্থানীয় জরিপ ও সাংগঠনিক যাচাই-বাছাইয়ের ওপর নির্ভর করে ‘একক প্রার্থী’ নির্ধারণের এই কৌশল বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।