tanaka
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১,৮৬০

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১,৮৬০

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন মারা গেছেন।

একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৭ জন, বরিশাল বিভাগে ২০০ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৩৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১২৯ জন।

এ ছাড়া চলতি বছরে খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

নতুন করে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।