দেশের প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৬২ লাখ নারী-পুরুষকে বয়স্ক ভাতা দিচ্ছে সরকার। চলতি বছর ভাতার পরিমাণও কিছুটা বাড়ানো হয়েছে। তবে বাজেট সীমাবদ্ধতার কারণে বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য অনেক প্রবীণ এখনো এ কর্মসূচির বাইরে রয়েছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
বাজেট বরাদ্দ বাড়ানো সম্ভব হলে পর্যায়ক্রমে বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য সব প্রবীণকে কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) নিজ দপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, বয়স্ক ভাতা কর্মসূচির আওতা প্রতিবছরই ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। একসময় ৬০ লাখ প্রবীণকে এ ভাতা দেওয়া হতো। পরে উপকারভোগীর সংখ্যা ৬১ লাখে উন্নীত করা হয়। চলতি বছর আরও ১ লাখ প্রবীণকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ায় বর্তমানে মোট ৬২ লাখ মানুষ এ সুবিধা পাচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা মনে করি, এখনো সব প্রবীণকে আমরা আওতার মধ্যে আনতে পারিনি। যাদের বয়স নারীদের ক্ষেত্রে ৬০ বছর বা তার বেশি এবং পুরুষদের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি, তারা বয়স্ক ভাতা পাওয়ার জন্য যোগ্য।’
তবে নির্ধারিত বয়সসীমা পূরণ করলেই সবাই স্বয়ংক্রিয়ভাবে ভাতা পান না। নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের যাচাই-বাছাই করে উপকারভোগী নির্বাচন করা হয়। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও বাজেটের সীমাবদ্ধতার কারণে অনেককে তাৎক্ষণিকভাবে কর্মসূচির আওতায় আনা সম্ভব হচ্ছে না।
সচিব জানান, বর্তমানে বয়স্ক ভাতার জন্য বেশ কিছু আবেদন রয়েছে, যেগুলোর শতভাগ বাস্তবায়ন বাজেট সীমাবদ্ধতার কারণে সম্ভব হচ্ছে না। তবে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ভবিষ্যতে বাজেটের সক্ষমতা বাড়লে পর্যায়ক্রমে সব যোগ্য ব্যক্তিকে ভাতার আওতায় আনার চেষ্টা করা হবে।
প্রবীণরা দেশের গুরুত্বপূর্ণ মানবসম্পদ
সমাজকল্যাণ সচিব বলেন, প্রবীণ জনগোষ্ঠী দেশের গুরুত্বপূর্ণ মানবসম্পদ। তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা সমাজ ও রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ। কর্মজীবন থেকে অবসর নেওয়ার অর্থ সমাজে একজন মানুষের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাওয়া নয়। বরং প্রবীণদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগানোর পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তার মতে, প্রবীণদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বয়স্ক ভাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় প্রবীণদের দৈনন্দিন ব্যয় মেটাতে এ ভাতা কিছুটা সহায়তা করছে। একই সঙ্গে পরিবারের ওপর নির্ভরশীলতা কমানো এবং প্রবীণদের আত্মমর্যাদা বজায় রাখতেও এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভূমিকা রয়েছে।
বাড়াতে হবে স্বাস্থ্য ও যাতায়াত সুবিধা
দেশের প্রবীণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা, নিরাপদ চলাচল, আবাসন ও সামাজিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ড. মোহাম্মদ আবু ইউছুফ।
তিনি বলেন, মানুষের গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে দেশে প্রবীণ মানুষের সংখ্যাও ভবিষ্যতে আরও বাড়বে। তাই প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, নিরাপদ চলাচল ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়টি এখন থেকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
প্রবীণদের চলাচলের সুবিধার বিষয়ে তিনি জানান, দেশের রেল, মেট্রোরেলসহ কিছু গণপরিবহন ব্যবস্থায় প্রবীণদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। রেল ও মেট্রোরেলসহ পাবলিক ট্রান্সপোর্টে প্রবীণ নাগরিকদের জন্য ২৫ শতাংশ বিশেষ ভাড়ার সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
সচিব বলেন, প্রবীণদের জন্য শুধু আর্থিক সহায়তা যথেষ্ট নয়। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে স্বাস্থ্যসেবা, যাতায়াত, নিরাপদ আবাসন, বিনোদন এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। প্রবীণবান্ধব পরিবেশ তৈরি করা গেলে তারা পরিবার ও সমাজে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারবেন।
অভিজ্ঞতাকে কাজে লাগানোর তাগিদ
প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন সমাজকল্যাণ সচিব। বাংলাদেশের সামাজিক ও পারিবারিক কাঠামোয় প্রবীণদের প্রতি সম্মান ও যত্নের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এ মূল্যবোধ ধরে রাখার পাশাপাশি আধুনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবীণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
তিনি বলেন, অনেক প্রবীণ এখনো শারীরিকভাবে সক্ষম এবং বিভিন্নভাবে সমাজে অবদান রাখার সামর্থ্য রাখেন। তাদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা গেলে একদিকে যেমন তাদের সক্রিয় জীবন নিশ্চিত হবে, অন্যদিকে নবীন প্রজন্মও তাদের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে উপকৃত হবে।
আরও লক্ষ্যভিত্তিক হবে সামাজিক নিরাপত্তা
বয়স্ক ভাতা কর্মসূচির ভবিষ্যৎ সম্প্রসারণ প্রসঙ্গে ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, সরকারের লক্ষ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর, স্বচ্ছ ও লক্ষ্যভিত্তিক করা। প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে তথ্যভিত্তিক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
এর ফলে একদিকে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হবেন, অন্যদিকে সরকারি অর্থের যথাযথ ব্যবহারও নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি।
সচিব বলেন, বয়স্ক ভাতার আওতা বৃদ্ধির পাশাপাশি উপকারভোগীদের ভাতার পরিমাণও পর্যায়ক্রমে বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছর উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণও কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এতে প্রবীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ আগের তুলনায় বেশি আর্থিক সহায়তা পাচ্ছেন।
তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক বাস্তবতা বিবেচনায় প্রবীণদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বাড়ানো প্রয়োজন। এ জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সরকারের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়স্ক ভাতার আওতাও আরও সম্প্রসারিত হবে।
ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাজেট বৃদ্ধি পেলে বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য সকল ব্যক্তিকে পর্যায়ক্রমে এ ভাতার আওতায় নিয়ে আসা হবে।’
তিনি বলেন, সরকারের এ উদ্যোগের ফলে দেশের বিপুলসংখ্যক প্রবীণ মানুষ আর্থিক সহায়তার পাশাপাশি সামাজিক নিরাপত্তার একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে শুধু ভাতা প্রদান নয়; স্বাস্থ্যসেবা, গণপরিবহনে বিশেষ সুবিধা, সামাজিক অংশগ্রহণ এবং প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগসহ একটি সমন্বিত প্রবীণবান্ধব নীতি বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।
সূত্র: বাসস



