ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে পাঠানো অনুরোধটি পর্যালোচনা করছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার জানিয়েছেন, বিষয়টি ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। খবর রয়টার্স।
গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার আগেই হাসিনা ও কামাল ভারতের ভূখণ্ডে আশ্রয় নিয়েছিলেন।
রায় ঘোষণার দিনই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লিকে নোট পাঠায়। এরপরও ভারত গেল ডিসেম্বরে পাঠানো প্রথম অনুরোধে সাড়া দেয়নি। এ বছর রায় ঘোষণার পর পুনরায় পাঠানো অনুরোধে সতর্ক অবস্থান জানায় নয়াদিল্লি। তারা জানায়, হাসিনার বিষয়ে ঘোষিত রায়ের ওপর তারা গভীর নজর রাখছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে।



