tanaka
প্রচ্ছদজাতীয়হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত জানিয়েছেন, দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই এর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

তিনি বলেন, ধাপে ধাপে দেশের বড় সিটি করপোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি আগামী ২০ তারিখ থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।

অধ্যাপক ডা. এম এ মুহিত আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সময়ক্ষেপণের সুযোগ নেই। দ্রুত ও গুরুত্বের সঙ্গে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ করা যায় এবং একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।

সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এই টিকাদান কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের সুরক্ষায় এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা শুধু নির্বাচনের সময় জনগণের কাছে যান—এমন ধারণা পরিবর্তনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।