দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৯ শিশুর মধ্যে একজনের হাম নিশ্চিত হয়েছিল এবং বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই ঢাকা জেলার বাসিন্দা। ঢাকা বিভাগে মোট ছয়জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামজনিত কারণে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬৪ জনে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ১২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হয়েছে ১৭৬ জনের সংক্রমণ।
অন্যদিকে, সন্দেহজনক হাম নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৫২ জন। এর মধ্যে ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল সকাল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৩০৪ জন।



