মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বাতিল করেছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি মঙ্গলবার (১৪ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
ইতালির ভেরোনা শহরে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ২০০৬ সালে অনুমোদিত ওই চুক্তিতে সামরিক সরঞ্জাম বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং যৌথ গবেষণার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। প্রতি পাঁচ বছর পর পর এটি নবায়ন করা হলেও বর্তমান পরিস্থিতিতে আর তা চালিয়ে যেতে আগ্রহী নয় ইতালি।
সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে ইতালির সম্পর্কের টানাপোড়েন বাড়ছিল। গত সপ্তাহে ইতালি অভিযোগ করে, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি বহরে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। এতে একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনার জেরে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে ইতালি। পাল্টা প্রতিক্রিয়ায় ইতালির রাষ্ট্রদূতকেও তলব করে ইসরায়েল।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। লেবানন সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন ও পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজজির সঙ্গে বৈঠক করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাজানি বলেন, লেবাননের জনগণের ওপর হামলা গ্রহণযোগ্য নয় এবং তাদের প্রতি ইতালির সংহতি অব্যাহত থাকবে।
এদিকে পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আলোচনার অন্যতম বাধা ছিল লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে অস্বীকৃতি। চলতি মাসের ৭ এপ্রিল শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির আর মাত্র ৭ দিন বাকি থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।



