বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন আমদানির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত তিনটি পৃথক প্রস্তাব পর্যালোচনা করে সেগুলো নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।
প্রথম প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) ব্যবহার করে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে ১০ লাখ মেট্রিক টন এন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন (গ্যাসোলিন-৯৫ আনলেডেড) আমদানি করা হবে।
দ্বিতীয় প্রস্তাবে একই পদ্ধতিতে ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফারযুক্ত ডিজেল সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া তৃতীয় প্রস্তাবে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ৫ লাখ মেট্রিক টন হাই-স্পিড ডিজেল (এজিও) আমদানির বিষয়টিও নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।



