tanaka

রিয়াদে হামলার সতর্কতা জারির পরপরই বিস্ফোরণের শব্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালি খুলতে ইরানের সঙ্গে দ্রুত চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি খুলতে ইরানের সঙ্গে দ্রুত চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালির চলাচল স্বাভাবিক করতে ইরানের সঙ্গে আগামী এক বা দুই দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করা এবং জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করার লক্ষ্যে তেহরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা চলছে।

স্কট বেসেন্ট বলেন, খুব শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজের জন্য অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, চুক্তির অংশ হিসেবে ইরান প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো শুল্ক বা টোল আরোপ করতে পারবে কি না। জবাবে তিনি জানান, চুক্তির ভিত্তি হবে সম্পূর্ণ মুক্ত নৌ চলাচল।

মার্কিন অর্থমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ থাকলেও ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ নিরাপদে চলাচল করতে সক্ষম হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। তাই এ অঞ্চলের যেকোনো অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল-জাজিরা