রাষ্ট্রীয় প্রটোকল উপেক্ষা করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে সড়কের পাশে দাফন কার্যক্রম দেখতে পান তিনি। হঠাৎ গাড়ি থামিয়ে নিজেই কবরে নেমে দাফন কাজে অংশ নেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর মানবিক কাজের ছবি ও সংবাদ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ তাকে প্রশংসায় ভাসিয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. এনামুল কাদির, নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব, বলেন, “সরকারি প্রটোকল উপেক্ষা করে প্রতিমন্ত্রী সরাসরি কবরস্থানে নেমে লাশ খাটিয়া থেকে নামিয়ে কবরে শায়িত করার কাজে অংশ নেন। একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখে আমরা অভিভূত।”
মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বলেন, “একজন প্রতিমন্ত্রী সাধারণ মানুষের লাশের খাটিয়া ধরবেন এবং কবরে নেমে দাফন করবেন—এটি কল্পনাতেও ভাবা যায় না। তার সাদামাটা জীবন ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।”
স্থানীয়রা বলেন, “পদের অহংকার ভুলে মাটির মানুষের পাশে দাঁড়ানোর এ দৃশ্য বর্তমান সময়ে বিরল। একজন জনপ্রতিনিধির এমন মানবিক আচরণ সমাজের অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
দাফনের পর প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকলের সঙ্গে মোনাজাতে অংশ নেন এবং এরপর নিজের গন্তব্যের উদ্দেশে রওনা হন।



