tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতিনেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং কোনোভাবেই সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করতে সতর্ক থাকতে হবে।

শনিবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কেন্দ্রীয় কার্যালয়ে আগমন।

তারেক রহমান নেতাকর্মীদের বলেন, “আমাদের চেষ্টা করতে হবে সবকিছু স্বাভাবিক রাখতে। আমি অফিসে আরও আসব, কিন্তু রাস্তা বন্ধ করা যাবে না, মানুষের চলাচল বাধাগ্রস্ত করা যাবে না।” তিনি নেতাকর্মীদের দ্রুত সড়ক খালি করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “দলীয় কার্যালয়ে এলে সাংগঠনিক কাজ করা সম্ভব হবে এবং নেতাকর্মীদের সঙ্গে দেখা করা যাবে। আপনারা সহযোগিতা করলে আমি অফিসে আসতে পারব, না হলে পারব না।”

তারেক রহমান নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা মেনে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, “দেশে নানা সমস্যা রয়েছে—এগুলো মানুষকে বোঝাতে হবে এবং তাদের ধৈর্য ধরে সহযোগিতা করতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কোনো কর্মকাণ্ডের কারণে যেন মানুষের কষ্ট বা অসুবিধা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” এছাড়া তিনি সড়ক স্বাভাবিক রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের এখন প্রথম কাজ হচ্ছে রাস্তা খালি রাখা। পরিস্থিতি স্বাভাবিক না রাখলে ভবিষ্যতেও সেখানে আসা কঠিন হবে।”

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কার্যালয়ে পৌঁছালে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তিনি ব্যালকনিতে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং কার্যালয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।