হংকংয়ের উত্তরাঞ্চলীয় জেলা তাই পো–তে ওয়াং ফুক কোর্ট নামে বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। এখনও বহু মানুষ আটকে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর—রয়টার্স।
বুধবার বিকেল ২টা ৫১ মিনিটে ৩১ তলা বিশিষ্ট আটটি ব্লকের এই কমপ্লেক্সে আগুনের সূত্রপাত ঘটে। মোট দুই হাজার ফ্ল্যাটের বিশাল ভবনটিতে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাতটি ব্লকে আগুন পৌঁছে যায়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পোহাতে হয়। ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়, আর আগুনের তাপে ভবনের বাইরের বাঁশের স্ক্যাফোল্ডিং ভেঙে পড়ে। বিপুল সংখ্যক ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
এক বাসিন্দা ৭১ বছর বয়সী ওয়ং কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুন লাগার সময় তার স্ত্রী ভবনের ভেতর আটকা ছিলেন। আরেক বাসিন্দা হ্যারি চিউং (৬৬) বলেন, বিকেল ২টা ৪৫ মিনিটে তিনি বিকট শব্দ শুনে বাইরে এসে দেখেন পাশের ব্লকে আগুন জ্বলছে। জরুরি জিনিসপত্র নিয়ে দ্রুত বের হলেও এখন তিনি কোথায় রাত কাটাবেন, সে চিন্তায় আছেন।
ঘটনাস্থলের ওপরের ফুটওভার ব্রিজে অনেক মানুষ দাঁড়িয়ে আগুনের দৃশ্য ধারণ করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবনগুলো প্রায় এক বছর ধরে সংস্কারের কাজ চলছিল। আগুনের কারণে তাই পো রোডের বড় অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ওয়াং ফুক কোর্ট সরকারি ভর্তুকিযুক্ত হাউজিং প্রকল্পের আওতাধীন একটি ভবন—যেমনটি হংকংয়ের জনবহুল এলাকায় প্রায়ই দেখা যায়, যেখানে বাড়ি কেনা সাধারণ মানুষের জন্য কঠিন।
এর আগেও, গত বছর এপ্রিল মাসে কাউলুনের এক আবাসিক ভবনে আগুনে পাঁচজনের মৃত্যু হয়। ৬৮ বছর বয়সী বাসিন্দা ওয়াই ওয়াই চ্যান বলেন, নিজের ব্লকে আগুন নেভানো হলেও চারপাশে আগুন জ্বলতে দেখে তাঁর মন ভেঙে গেছে।



