পলোগ্রাউন্ড ময়দানে ভাষণ দেবেন তারেক রহমান
দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এ মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, শনিবার রাতে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছে নগরীতে অবস্থান করবেন। পরদিন রোববার বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠে তিনি বক্তব্য দেবেন। তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে নগরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটবে বলে আশা করছেন দলটির নেতারা।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি কেবল দলীয় সমাবেশ নয়; তারেক রহমানের আগমনকে ঘিরে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। এখানে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দেবেন।
নগরে সাজসাজ রব
তারেক রহমানের আগমনকে ঘিরে চট্টগ্রামজুড়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। নগরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কর্মসূচি চলছে।
পলোগ্রাউন্ড মাঠে জোরেশোরে প্রস্তুতি চলছে। বিশাল মঞ্চ নির্মাণ শেষ পর্যায়ে, মাঠজুড়ে আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বক্তব্য সবার কাছে পৌঁছাতে মাঠের বিভিন্ন পয়েন্টে মাইক ও সাউন্ড সিস্টেম বসানো হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন জানান, ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের মঞ্চ নির্মাণ করা হচ্ছে। মঞ্চের সামনে থাকবে নিরাপত্তা বলয়, এরপর নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান এবং পরবর্তী অংশে সাধারণ মানুষের অবস্থান নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তার চাদরে সমাবেশ এলাকা
তারেক রহমানের আগমন ও সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঞ্চ এলাকা পরিদর্শন করে মেয়র শাহাদাত হোসেন বলেন, শনিবার রাতের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। নিরাপত্তা তদারকিতে বিএনপির নিজস্ব ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) চট্টগ্রামে পৌঁছাবে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, পুরো এলাকায় পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী সদস্যরাও দায়িত্ব পালন করবেন। মঞ্চ প্রস্তুতি শেষ হলে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হবে। সমাবেশকে ঘিরে দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে তল্লাশি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন পর্যায়ে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।
যুবদলের প্রস্তুতি
সমাবেশ সফল করতে যুবদলের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়; চট্টগ্রামবাসীর আবেগের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতা সরাসরি মানুষের সামনে কথা বলবেন—এটি নেতাকর্মীদের নতুন করে অনুপ্রাণিত করবে।
রোববার সকাল সাড়ে ৯টায় তারেক রহমান হোটেল রেডিসনে তরুণদের সঙ্গে ‘পলিসি ডায়ালগ’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠের জনসভায় বক্তব্য দেবেন। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত পথসভা ও সমাবেশে অংশ নেবেন।



