tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যেই আইসিইউ চালু

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যেই আইসিইউ চালু

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের প্রতিশ্রুতির ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা পুনরায় চালু করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি যে আশ্বাস দিয়েছিলেন, তা মঙ্গলবার (১৭ মার্চ) বাস্তবায়ন করা হয়।

সম্প্রতি দেশে হঠাৎ করে হাম (মিজলস) রোগের প্রাদুর্ভাব বাড়ায় হাসপাতালটিতে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় অনেককে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে গুরুতর অসুস্থ এক শিশুর মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সোমবার মধ্যরাতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে হাসপাতালটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তিনি জানান, ইআরপিপি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গ্লোবাল ফান্ডের অর্থায়নে স্থাপিত আইসিইউ ইউনিটটি বন্ধ ছিল। তিনি বলেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসা সেবায় অবহেলা নেই। দ্রুত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আইসিইউ চালুর নির্দেশ দেন তিনি।

মন্ত্রীর নির্দেশনার পর মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) এবং একজন অ্যানেস্থেটিস্টকে জরুরি ভিত্তিতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বেড প্রস্তুত করে পাঁচ শয্যার আইসিইউ ইউনিটটি এখন রোগীদের জরুরি সেবা দিতে প্রস্তুত।

উল্লেখ্য, ১০০ শয্যার এই সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম ছাড়াও জলাতঙ্ক, এইডস ও টিটেনাসের মতো সংবেদনশীল রোগের চিকিৎসা দেওয়া হয়। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে এবং সেবার মান নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে পাশের ডিএনসিসি হাসপাতালেও হাম আক্রান্ত রোগীদের জন্য পৃথক ইউনিট চালু করা হয়েছে।

সরকারের এ দ্রুত পদক্ষেপের ফলে সংকটাপন্ন রোগীরা এখন বিশেষায়িত আইসিইউ সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।